‘রাজনীতি’ থেকে ‘শান্তিরক্ষায়’ তারানকো
রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকোকে জাতিসংঘের শান্তিরক্ষায় সহায়তা বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন সংস্থার মহাসচিব বান কি-মুন।
গত তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘে কর্মরত এই আর্জেন্টাইনের পরিচিতি রয়েছে বাংলাদেশেও। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ নিরসনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে ঢাকা আসেন তিনি।
মঙ্গলবার নতুন পদে তাকে নিয়োগের ঘোষণা দেন মহাসচিব বান কি-মুন।
জাতিসংঘ সদরদপ্তর ছাড়াও আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়া, মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপে উন্নয়ন, রাজনীতি, শান্তিরক্ষা, মানবাধিকার ও ত্রাণসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের হয়ে কাজ করেছেন তারানকো।
২০০৯ সাল থেকে জাতিসংঘ মহাসচিবের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি-জেনারেল হিসেবে কাজ করছিলেন তিনি।
এর বাইরে তাঞ্জানিয়ায় জাতিসংঘ ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তারানকো।
ফিলিস্তিনিদের সহায়তার জন্য জাতিসংঘের পশ্চিম তীর ও গাজা কর্মসূচির প্রশাসকের ডেপুটি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি কাজ করেন ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।
এছাড়া হাইতিতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও মহাসচিবের ডেপুটি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ও ইউএনডিপিতে কাজ করেন তারানকো।
