আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু বুধবার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
বুধবার থেকে আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার আইনি দিক নিয়ে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর তুরিন আফরোজ।
বুধবার যুক্তি উপস্থাপনের সময় আজহারের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেওয়া একজন বীরাঙ্গনার জন্য ক্ষতিপূরণ দাবি করেন প্রসিকিউটর তুরিন আফরোজ।
ওই বীরাঙ্গনা ছিলেন আজহারের বিরুদ্ধে প্রথম সাক্ষী। রংপুর টাউন হলের পাকিস্তানি ও রাজাকার ক্যাম্পে আজহারের নেতৃত্বে ধর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার হন তিনি।
ফাইল ছবি
রংপুর টাউন হলকে নির্যাতন কেন্দ্রের পাশাপাশি ‘রেপ ক্যাম্প’ আখ্যা দিয়ে তুরিন আফরোজ আরো বলেন, মুক্তিযুদ্ধে নির্যাতিত, লাঞ্ছিত ও ধর্ষিত নারীদের বিষয়ে রাষ্ট্র সবসময়ই নীরব ভূমিকা পালন করেছে। সেখানে এই নারী ট্রাইব্যুনালে এসে জীবনের ঝুঁকি নিয়ে নিজে কীভাবে ধর্ষিত হয়েছেন তার বর্ণনা দিয়েছেন।
“সাক্ষ্যে তিনি বলেছেন, কিভাবে তাকে ও অন্য নারীদের নির্যাতন করা হতো। হতে পারে তা রংপুর টাউন হলের ওই ধর্ষণ ক্যাম্পের ভয়াবহ নির্যাতনের সামান্য একটি অংশ। কিন্তু এতে কি প্রমাণ হয় না যে, একাত্তরে রংপুর টাউন হলের ওই নির্যাতন কেন্দ্রে একজন নারীর আত্মমর্যাদার সবটুকু নিঃশেষ করে দেওয়া হয়েছিল?”
তুরিন আফরোজ আরো বলেন, “একজন বীরাঙ্গনার যুদ্ধ কখনোই শেষ হয় না। মৃত্যুর আগ পর্যন্ত তাকে যুদ্ধ চালিয়ে যেতে হয়। আমরা ওই নারীর জন্য ক্ষতিপূরণ দাবি করছি।”
এ সময় ট্রাইব্যুনাল জানতে চান, বিদ্যমান আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে কি না? জবাবে তুরিন আফরোজ বলেন, রাষ্ট্র যদি সাক্ষীদের নিরাপত্তা দিতে পারে, তাহলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দিতে পারে।
ট্রাইব্যুনাল প্রসিকিউটরের কাছে আরো জানতে চান, এটিএম আজহারুল ইসলামের বেলায় উর্ধ্বতন কর্তৃপক্ষের দায় আছে কি না? ট্রাইব্যুনালের এ প্রশ্নের জবাবে তুরিন আফরোজ বলেন, বড় বড় রাজনৈতিক নেতা কিংবা আর্মি অফিসাররা যতো বড় সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করেছেন সেসব সিদ্ধান্তের বাস্তবায়ন করেছেন এটিএম আজহারুল ইসলাম। তাই তিনি যতো ছোট পরিসরের নেতাই হোন না কেন উর্ধ্বতন কর্তৃপক্ষের দায় থেকে তিনি মুক্ত নন।
ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণসহ এটিএম আজহারুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে যুক্তি উপস্থাপন সমাপ্ত করেন তিনি।
যুক্তিতর্ক উপস্থাপনকালে আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম।
প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সাত দিনের সময় চান এটিএম আজহারের আইনজীবী আব্দুস সোবহান তরফদার। কিন্তু ট্রাইব্যুনাল বুধবার থেকে যুক্তিতর্ক শুরু করার আদেশ দিয়ে এজলাস ত্যাগ করেন।
এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়াসারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের সময়ও এক যুদ্ধশিশু ও দুই বীরাঙ্গনার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ।
সোমবার আদালতে প্রসিকিউটর তাপস কান্তি বল আজহারের বিরুদ্ধে ছয়টি অভিযোগে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য ও অন্যান্য তথ্যপ্রমাণ নিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন।
গত ১৮ অগাস্ট আজহারের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
এটিএম আজহারের বিরুদ্ধে গত বছর ২৬ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলীসহ মোট ১৯ জন সাক্ষ্য দেন।
গত ৪ অগাস্ট এটিএম আজহারুল ইসলামের পক্ষে তার একমাত্র সাফাই সাক্ষী আনোয়ারুল হকের সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্য্যক্রম শেষ হয়। পরে মামলায় যুক্তি উপস্থাপনের জন্য ১৮ অগাস্ট দিন ঠিক করে ট্রাইব্যুনাল।
গত ৭ জুলাই এ মামলায় চারজন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। গত ১৩ জুলাই সাফাই সাক্ষ্যগ্রহণ শুরুর কথা থাকলেও আসামিপক্ষ সময়ের আবেদন করায় ৩ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল।
গত বছরের ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ৬টি অভিযোগ গঠন অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে সুপিরিয়র রেসপনসিবিলিটির (উর্ধ্বতন কর্তৃপক্ষের দায়) অভিযোগও রয়েছে।
জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে রংপুর অঞ্চলে ১২২৫ ব্যক্তিকে গণহত্যা, চার জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও ১৩ জনকে নির্যাতন করা এবং বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে।
প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি আজহারকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওইবছরের ৪ জুলাই মানবতাবিরোধী অপরাধের ৯ ধরনের অভিযোগে তদন্ত শেষ করে প্রসিকিউশন বরাবর তদন্ত রিপোর্ট দাখিল করে তদন্ত সংস্থা।
গত বছরের ১৮ জুলাই আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ছয়টি অভিযোগের ভিত্তিতে মোট চারটি ভলিয়মে ৩শ পৃষ্ঠার নথিপত্রসম্বলিত আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল র্চার্জ) দাখিল করা হয়।
পরে ২৫ জুলাই অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
২২ আগস্ট এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওইদিনই তার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
