২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর এসি ল্যান্ড অফিসে সিসি ক্যামেরা   

দালালচক্র ধরাসহ অন্যান্য কার্যক্রম নজরদারিতে আনতে গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) কার্যালয়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 09:57 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

এছাড়াও মানুষের ভোগান্তি কমাতে এই অফিসে ‘ফ্রন্টডেক্স’ স্থাপন, সিটিজেন চার্টার, নামজারী ক্যালেন্ডার, প্রসেস ম্যাপ রাখা হয়েছে। এছাড়া বারান্দা ও অফিস চত্বরে মানুষের বসার জন্য অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম সোমবার ওইসব কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, এসি ল্যান্ড অফিসের ফ্রন্টডেক্স থেকে জেলাবাসী নামজারি সংক্রান্ত আবেদনপত্র জমাদানসহ বিভিন্ন জিজ্ঞাসার উত্তর ও পরামর্শ পাবেন।

নামজারীর আবেদন প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে এসিল্যান্ড অফিসের কিছু কর্মচারীর সঙ্গে লেনদেনকারী দালালদের ধরতে এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এছাড়া সিসি ক্যামেরায় এসিল্যান্ড অফিসের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ ও নজরদারি করতেও ওই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে জনগণকে দেয়া সেবার মান আরো বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, এখন থেকে আবেদন করার ৪৫ কার্যদিবসের মধ্যে নামজারির কাগজ হাতে পাবেন আবেদনকারীরা। আগে তা দুই মাসেরও বেশি সময় লেগে যেত। 

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, সদর এসিল্যান্ড মোহাম্মদ আবদুল ছালাম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।