২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পাঁচজন

রাজধানীতে পৃথক ঘটনায় পাঁচ ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 01:47 AM

Updated : 22 Aug 2022, 06:58 PM

অচেতন করে তাদের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা বলে জানিয়েছেন আক্রান্তদের স্বজনেরা।

পোস্তগোলার রাইসা স্টিল মিলের ব্যবস্থাপক মো. এনায়েতকে (২৯) রোববার দুপুর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী হেলেনা আক্তার।

হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, “সকালে উত্তর বাড্ডার বাসা থেকে পোস্তখোলায় যাওয়ার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। এনায়েতের সঙ্গে আড়াই লাখ টাকা ছিল তা এখন নেই।”

নারায়ণগঞ্জ রেলগেইট এলাকা থেকে সোহেলে চৌধূরী (২৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. হায়দার আলী।

সোহেলের স্বজনদের বরাত দিয়ে হায়দার আলী বলেন, “তার সঙ্গে ৭০ হাজার টাকা ছিল।”

পুলিশ কর্মকর্তা হায়দার আলী জানান, বিকালে সায়েদাবাদ এলাকা থেকে অচেতন অবস্থায় দুই যুবককে হাসপাতালে নিয়ে আসেন সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ধারণা করা হচ্ছে অচেতন দুজন বাসের যাত্রী ছিলেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে কমল হাওলাদার (৩৮) নামে এক পোশাক শ্রমিককে অচেতন অবস্থায় নিয়ে আসেন তার স্ত্রী সুচিত্রা হাওলাদার।

হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, “সকালে পুরান ঢাকার সূত্রাপুরের বাসা থেকে বের হয়ে কমল মগবাজারে যাওয়ার পর তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি। সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় মগবাজারের ‘সেফা ক্লিনিকে’ পাওয়া যায়।”

তার কাছে এক লাখ টাকা ছিল বলে সুচিত্রা সাংবাদিকদের জানিয়েছেন।