মাওয়ায় ৩ নম্বর ফেরি ঘাট সচল
বিলীন হওয়ার ছয় দিনের মাথায় মাওয়া ৩ নম্বর ফেরি ঘাট সচল হয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে ৭টায় ফেরি ‘টাপলু’র যানবাহন খাস করার মধ্য দিয়ে নতুন এই ঘাটের যাত্রা শুরু হয়।
বিলীন হওয়া ঘাটের প্রায় ১২০ গজ দূরে স্পিড বোট ঘাটের পাশে নতুন এই ৩ নম্বর ঘাট সাধারণ ফেরির জন্য স্থাপন করা হয়। রো রো ফেরি ছাড়া অন্য সব ফেরি এই ঘাটে লোড-আনলোড করতে পারবে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক একেএম আশিকুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, রোববার রাতেও কয়েকশ যানবাহন দুপারে পারাপারের অপেক্ষায় ছিল।
গত মঙ্গলবার রাত পৌনে ৯টায় পদ্মার আকস্মিক ভাঙনে ৩ নম্বর রো রো ফেরি ঘাটটি বিলীন হয়ে যায়। এতে মাওয়া-কাওড়াকান্দি পুরো ফেরি সার্ভিসে অচলাবস্থার সৃষ্টি হয়।
ফাইল ছবি
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক একেএম আশিকুজ্জামান চৌধুরী জানান, নতুন ঘাট সচল হওয়ায় ফেরি সার্ভিসে স্বাভাবিকতা ফিরে আসবে। এখন ঘাটের অভাবে লোড-আনলোড বিলম্ব হবে না।
তবে নদীতে প্রবল স্রোতের কারণে রাতে টানা ফেরিগুলো বন্ধ রেখে ৭টি ফেরি সচল রাখা হচ্ছে। দিনের বেলায় ১২টি ফেরি চলাচল করছে। বাকি ৪টি ফেরি স্রোতের গতির সঙ্গে পেরে না ওটার কারণে বন্ধ রাখা হয়েছে।
রাতে তিনি জানান, উভয় পাশে তিনশ পণ্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষায় রয়েছে।
গত ১৯ অগাস্ট মাওয়ায় পদ্মার আকস্মিক ভাঙনে ৩ নম্বর রো রো ফেরি ঘাট বিলীন হয়ে যায়। একই সঙ্গে ১৩টি দোকানও বিলীন হয়। এ সময় সরিয়ে নেয়া হয় ৬০টি দোকান।
