২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবিসাস সভাপতিসহ ৬ সাংবাদিককে পিটিয়ে আহত

হামলায় আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতিসহ ছয় সাংবাদিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 09:06 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সাংবাদিকদেরই আরেক দল বহিরাগতদের নিয়ে রোববার এই হামলা চালায় বলে আহতদের অভিযোগ।

আহতরা হলেন- সমিতির সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাজী মোবারক হোসেন, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মনিরুজ্জামান তুফান, সকালের খবরের প্রতিনিধি তানভীর রাহয়ান, দৈনিক বর্তমানের প্রতিনিধি সুব্রত মন্ডল, অর্থনীতি প্রতিদিনের প্রতিনিধি রাজ এবং প্রাইম খবরের প্রতিনিধি শাহিন।

তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক গাজী সাজিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবারক, তুফান, রাজ ও সুব্রতের মাথায় সেলাই লেগেছে।

“প্লাস্টিকের চেয়ার দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়েছে। এছাড়াও শরীরে প্রচুর কিলঘুষি পড়েছে।”

এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি করে দোষীদের শাস্তি দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান জানিয়েছেন।

হামলার শিকার মোবারক হোসেন বলেন, ‘ভুয়া’ দুই সাংবাদিককে সমিতির সদস্য করতে না চাওয়ার জের ধরে এই হামলা হয়েছে।

তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজাউল ইসলাম ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি জসিম রেজার বিরুদ্ধে অভিযোগ জানান।

“তারা আমাকে চাপ দিচ্ছিল। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে কেউ সমিতির সদস্য হতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলাম।”

এরপর রোববার সকালে সুজাউল ও জসিম কয়েকটি সংবাদপত্রের বিরুদ্ধে সম্প্রতি মামলার প্রতিবাদে কর্মসূচি পালন করতে সমিতির সভাপতিকে আহ্বান জানান।

“তারা টেলিফোনে বলে যে তারা একটি মানববন্ধন আয়োজন করতে চায়। আমি বলেছি, সরাসরি কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে। এরপর তারা বহিরাহতদের নিয়ে এসে সমিতি কার্যালয়ে আমাদের ওপর হামলা চালায়।”

হামলায় জড়িতদের সমিতি থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান মোবারক।

তবে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জসিম রেজা দাবি করেছেন,মোবারকরাই তাদের কর্মসূচিতে হামলা চালিয়েছিল।

“সকালে কয়েকটি পত্রিকার বিরুদ্ধে মামলার ঘটনায় মানববন্ধন করতে চাইলে মোবারক হোসেন আমাদের ব্যানার কেড়ে নেয়। তারাই সমিতিতে লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে।”

হামলায় প্রথম আলোর প্রতিনিধি মূসা আহমেদসহ কয়েকজন আহত হন বলেও দাবি করেন জসিম।