২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণ-হত্যাকারী স্বামীকে ধরিয়ে দিলেন নারী

“এমন স্বামীর ঘর করার চেয়ে ভিক্ষা করাও ভাল”- একথা সাথী আক্তারের, যার দেয়া তথ্যে গ্রেপ্তার করা হল কেরানীগঞ্জের আট বছরের মীম আক্তার বৃষ্টিকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ‘হোতা’ রানাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 08:25 PM

Updated : 13 Oct 2022, 12:29 PM

গত ২৪ জুলাই মীম নিরুদ্দেশ হওয়ার পর স্বামী রানার আচরণে সন্দেহ হলে তা অন্যদের জানান সাথী। এরপর এই যুবককে গ্রেপ্তারের পর উদ্ধার করা হয় শিশুটির কঙ্কাল।  

গত ১৮ অগাস্ট গ্রেপ্তার রানা ইতোমধ্যে আদালতে মীম হত্যার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক অশোক কুমার।

তবে নিরুদ্দেশ হওয়ার পর দ্বিতীয় শ্রেণির এই স্কুলছাত্রীর সন্ধানে পরিবারের সঙ্গে মাইকিং ও পোস্টার লাগানোয় সক্রিয় ছিলেন রানা।

পুলিশ বলছে, নিজের অপরাধের বিষয়ে সবার সন্দেহ এড়াতে রানা এই কাজ করেছিল, কিন্তু তার স্ত্রীর সন্দেহে ধরা পড়তে হয় তাকে।

মীম নিখোঁজ হওয়ার পর যখন পুলিশ কোনো কূল-কিনারা পাচ্ছিল না, তখন সাথীর দেয়া তথ্যই তাদের আলোর মুখ দেখায়। 

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“মুক্তিপণ চেয়ে কেউ মীমের বাবাকে ফোনও করেনি। তাই কোনো ক্লু পাওয়া পাচ্ছিল না।

“সাথী তার দাম্পত্য জীবন বিসর্জন দিয়েছে নিজের স্বামীকে ধরিয়ে দিয়েছেন।”

পুলিশের পক্ষ থেকে সাথীকে পৃরস্কৃত করার পরিকল্পনাও হচ্ছে বলে মফিজুর রহমান জানান।

স্বামীকে ধরিয়ে দেয়ার পক্ষে সাথীর যুক্তি খুবই স্পষ্ট- “যে এমন একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন জঘন্য কাজ করে হত্যা করতে পারে, সে তো আর মানুষ না। তাই ওরে ধরাইয়া দিছি।”

রানাকে তালাক দেবেন জানিয়ে এই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন মানুষের বাসায় কাজ করব, তবুও তাকে নিয়ে সংসার নয়। তার ফাঁসি হোক।”

কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়ায় মীমদের বাসার কাছেই ছিল রানার বাসা। মীমের বাবা বাবুল মিয়া ও রানা উভয়ের বাড়ি শরীয়তপুর হওয়ায় পারিবারিক ঘনিষ্ঠতাও ছিল।

বাবুল মিয়ার তিন মেয়ে, এক ছেলের সবাইকে রানা আদর করতে বলে জানান বাবুল মিয়া। 

“ওই আদরের পেছনে যে এত জঘন্য লালসা লুকিয়ে ছিল তা স্বপ্নেও ভাবতে পারিনি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেই দীর্ঘশ্বাস ছাড়েন ফুটপাতের সরবত বিক্রেতা বাবুল মিয়া।

মীমের খোঁজ না পাওয়ার পর রানা যে তৎপরতা চালিয়েছিল, তাতে সন্দেহের কোনো কারণ দেখেননি বাবুল মিয়া।

“রানাই লাফাইয়া লাফাইয়া সব কাজে এগিয়ে আসত। বিভিন্ন এলাকায় মীমের সন্ধান চেয়ে পোস্টার লাগানো, এলাকায় মাইকিং রানাই করেছে। ইন্টারনেটে মীমের ছবি দেয়ার কথাও বলেছিল।”

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক মফিজুর রহমান বলেন, মীম নিখোঁজ হওয়ার পর তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) করেছিলেন। তবে কারো কোনো সন্দেহ না থাকায় পুলিশও এগোতে পারছিল না।

তবে সবাইকে ফাঁকি দিলেও স্ত্রী সাথীর চোখ এড়াতে পারেননি রানা। সাথী বলেন, মীম নিখোঁজ হওয়ার পর রানার কিছু আচরণে তার সন্দেহ হয়।

“সন্দেহজনক মনে হওয়ায় ১৮ অগাস্ট সকালে মীমের বাবা ও আশপাশের লোকজনকে তা জানাই।”

Image
নিহত মীম আক্তার বৃষ্টি

নিহত মীম আক্তার বৃষ্টি

এরপর পুলিশ আটক করে রানাকে। তার দেয়া তথ্যে বন্দ ডাকপাড়া এলাকার কাছের একটি বিল থেকে মীমের কঙ্কাল, জামা-কাপড় ও স্যান্ডেল উদ্ধার করা হয় বলে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আশোক কুমার জানান।

মীমের মৃতদেহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার সীমানায় উদ্ধার হওয়ায় মামলাটি (যা প্রথমে জিডি ছিল) মডেল থানা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যায়।

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মুকুল রঞ্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রানাকে পুলিশ হেফাজতে আনতে হয়নি। প্রথমদিনই সে ম্যাজিস্টেটের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

পুলিশের বক্তব্য অনুযায়ী রানা জানিয়েছেন, বড়শি দিয়ে মাছ ধরার জন্য মীমকে নিয়ে বিলে যান তিনি। কিছু মাছ ধরার পর মীমকে একটি ঝোঁপের কাছে নিয়ে ধর্ষণ করেন তিনি। এক পর্যায়ে মীম অচেতন হয়ে পড়লে শিশুটির জামা-কাপড় দিয়ে তার হাত-পা বেঁধে বিলের পানিতে ফেলে দেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া পর রানাকে কারাগারে পাঠিয়েছে আদালত।