মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ির খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রামের শ্বেতকুয়া পাড়ায়।
ফটিকছড়ি থানার এসআই আরিফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সকাল ছয়টার দিকে সুন্দরপুর গ্রামের বেরি বাঁধ এলাকা থেকে শামসুল আলম ও সকাল ১০টার দিকে কুমার পাড়া থেকে তার বাবা জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করা হয়।”
তবে জাহাঙ্গীরের মেয়ে ফাতেমা জিন্নাতের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানান তিনি।
শুক্রবার দুপুরে ধুরুং খালে মাছ ধরতে গিয়ে ডুবে যান জাহাঙ্গীর (৪৫) ও তার দুই ছেলে-মেয়ে ফাতেমা (৮) ও শামসুল (৫)।
