২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় গুলি করে সোনার দোকান লুট, আহত ২

রাজধানীর পুরান ঢাকায় এক সোনার দোকানিকে গুলি করে ১৫ লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2014, 09:14 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁতীবাজারের কোতয়ালি রোডে ‘গোল্ডেন স্টোর’ এ ওই ঘটনায় গুলিতে আহত দোকান মালিক খোরশেদ আলমকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লুটপাটের সময় দুর্বৃত্তদের এলোপাতাড়িতে গুলিতে জুয়েল শেখ (২৮) নামে এক পথচারীও আহত হয়েছেন। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।   

আহত দোকান মালিকের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় কয়েকজন সন্ত্রসী হঠাৎ করে দোকানে হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই তারা তাকে গুলি করে দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।”

খোরশেদের ডান পা ও পেটে গুলি লেগেছে বলে জানান পুলিশের এই পরিদর্শক।

লালবাগ বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশানার আব্দুস সালাম বলেন, “তাঁতীবাজারের একটি দোকানে গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। কোনো টাকা লুট হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”