২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীন স্মরণে উৎসব

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলিম আল দীনকে স্মরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 09:54 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সোমবার ছিল তার ৬৫তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালে ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে তার জন্ম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান।

‘সে কোন মহাকবির দীর্ঘশ্বস থেকে জন্ম আমার/নক্ষত্র দেখে পৌঁছে যাব ঠিক একদিন’ কবিতার এই ছত্রটি নিয়ে সেলিম আল দীনের জন্মোৎসব পালিত হয় তার ক্যাম্পাসে।

দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন সোমবার সকাল ১০টায় শোভাযাত্রা বের করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাস ঘুরে সেলিম আল দীনের সমাধিস্থলে এসে শেষ হয় শোভাযাত্রা।

সেখানে সমাধিতে ফুল দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, প্রয়াতের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা।

পরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, বুনন থিয়েটার, তালুকনগর থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা জানায়।

বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই নাট্যজনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়। সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমেদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান। আলোচনা করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক হারুন অর রশীদ খান।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে তার রচিত ‘মুনতাসির’ নাটকটি মঞ্চায়িত হয়।

জন্মজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার সন্ধ্যায় রয়েছে ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তীকে সংবর্ধনা ও তারাশঙ্কর রায়ের ‘কবি’ নাটকের মঞ্চায়ন। এছাড়াও থাকছে দিনব্যাপী আলোকচিত্র ও মুখোশ প্রদর্শনী।