শরণখোলায় ব্যাপক নদী ভাঙন
বলেশ্বর ও ভোলা নদীর ভাঙনে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও দশটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে নদী সংলগ্ন শতাধিক ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান।
গত সোমবার থেকে শুরু হওয়া এ ভাঙনে বগী, খুড়িয়াখালী ও তেরাবাকা এলাকার ৪/৫ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। যে কোনো সময় ভেঙে যেতে পারে তাদের ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
খুড়িয়াখালী বাজারের মাছ ব্যবসায়ী ফরিদ খান বলেন, শুক্রবার নদীগর্ভে তার মাছের আড়ৎ চলে গেছে। তার একমাত্র আয়ের উৎস ছিল এ ব্যবসা প্রতিষ্ঠান।
অবিলম্বে নদী ভাঙন রোধ করতে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তিনি।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, গত ছয় দিনে অনেকে গৃহহীন হয়েছে, হারিয়েছে উপার্জনের একমাত্র অবলম্বন।
স্থানীয় সংসদ সদস্য মোজাম্মেল হোসেন বলেন, ইতিমধ্যে বেশকিছু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন বলেন, নদী ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে বর্তমানে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
