২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনদ সংশোধন করতে এসে মুক্তিযোদ্ধার মৃত্যু

সনদের নামের ভুল ঠিক করতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে রাস্তায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 07:21 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্বপাশের সড়কে এ ঘটনায় মৃত মোহাম্মদ আলী (৬২) টাঙ্গাইলের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সুবেদার ছিলেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে প্রেসক্লাবের পূর্ব পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছেই মোহাম্মদ আলী হঠাৎ রাস্তায় ঢলে পড়েন। আশপাশের লোকজন তাকে রাস্তার পাশে নিয়ে মাথায় পানি দিয়ে পরিচর্যা করার সময়ই তিনি মারা যান।

“এসময় পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে থাকা মোবাইল ফোন এবং একটি মুক্তিযোদ্ধার পরিচয়পত্র পায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে মেয়ের জামাই আশরাফুলকে ফোন দিয়ে বৃদ্ধ মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর জানানো হয়।

আশরাফুলের বরাত পুলিশ কর্মকর্তা হাবিল বলেন, “মুক্তিযোদ্ধা সনদে গ্রামের নাম ভুল আসায় তা ঠিক করতে সকালে টাঙ্গাইল থেকে ঢাকায় এসে মন্ত্রণালয়ে যাচ্ছিলেন মোহাম্মদ আলী।”

ডায়াবেটিস থাকায় শরীরের চিনির পরিমাণ কমেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে বলে আশরাফুল মনে করছেন।

পরিদর্শক হাবিল বলেন, “এটি স্বাভাবিক মৃত্যু। তাই পুলিশ মেয়ের জামাই আশরাফুলের কাছে লাশ হস্তান্তর করেছে।”