প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি ওয়াহহাব মিয়া
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন মালয়েশিয়া সফরে যাওয়ায় তার দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে এর আগে তার দায়িত্ব পালন করে আসছিলেন আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা।
এবার তিনিও বিদেশ সফরে থাকায় বিচারপতি ওয়াহহাব মিয়া সেই দায়িত্ব পেয়েছেন।
প্রধান বিচারপতির ফেরার আগেই আগামী ২২ অগাস্ট বিচারপতি এস কে সিনহার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরলে প্রধান বিচারপতির অনুপস্থিতির বাকি সময়ে তিনিই দায়িত্ব পালন করবেন।
ফ্রান্স, বেলজিয়াম ও সুইজারল্যান্ডে ব্যক্তিগত সফরে গত ১৩ অগাস্ট ঢাকা ছাড়েন বিচারপতি এস কে সিনহা।
মালয়েশিয়া ও ফিলিপাইনের বিচার ব্যবস্থা দেখতে রোববার ৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা ছেড়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
এই প্রতিনিধি দলে রয়েছেন- আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
হাই কোর্ট বিভাগের দুই বিচারক মইনুল ইসলাম চৌধুরী ও নাঈমা হায়দার ছাড়াও হাই কোর্টের বিশেষ কর্মকর্তা জ্যেষ্ঠ জেলা জজ এসএম কুদ্দুস জামানও ওই দলে রয়েছেন।
