শিশুপুত্রসহ মা খুন
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানায় সোমবার মা ও ছেলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, স্ত্রী ও ছেলেকে খুন করে পালিয়েছে নুনু মিয়া।
মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে নুনু মিয়ার পরিবারের লোকজনের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের ডাকতে যান। ঘরের দরজা খোলা পেয়ে তারা ভেতরে ঢুকে আকলিমা বেগম ও রনি মিয়ার লাশ দেখে পুলিশে খবর দেন।
বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, “আকলিমার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শিশু রনিকে খুন করা হয়েছে গলাকেটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে নুনু মিয়া স্ত্রী ও ছেলেকে খুন করে পালিয়েছে।”
