২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে ঢাবিতে প্রযুক্তি উৎসব

‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও উন্নত শিক্ষায় চাই তথ্যপ্রযুক্তি নির্ভর ক্যাম্পাস’ প্রতিপাদ্য নিয়ে আগামী সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 05:02 PM

Updated : 13 Oct 2022, 12:28 PM

১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হবে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন  ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি(ডিইউআইটিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান,  দুই বছর ধরে ডিইউআইটিএস এ উৎসবের আয়োজন করলেও এবার প্রথমবারের মতো তাদের সঙ্গে যুক্ত হয়েছে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ।

তিনি বলেন, “এবারের উৎসবে দেশের শীর্ষস্থানীয় প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশ নেবেন।”

উৎসবের প্রথম দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হবে বলে জানান তিনি।

এছাড়া টিএসসি চত্বরে আয়োজিত উৎসবের মূল পর্বে থাকবে শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, গেমিং ও কুইজ প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্যপ্রযুক্তি নির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে মিট দ্যা পার্সোনালিটি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ২টি সেমিনার, একটি কর্মশালা ও আলোচনা পর্ব থাকছে।

আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনকে ওয়াই-ফাইয়ের আওতায় আনা হবে বলেও এসময় জানানো হয়।