২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘জরুরি ভিত্তিতে’ সড়ক মেরামতের নির্দেশ

চট্টগ্রাম নগরীতে বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামতের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র মনজুর আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 08:51 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

রোববার সকালে নগরীর কাট্টলীতে নিজের বাড়িতে এক বৈঠকে করপোরেশনের প্রকৌশলীদের এ নির্দেশ দেন তিনি।  

সভায় মেয়র বলেন, “আমরা নগরবাসীর সেবক। জনস্বার্থে আলোচনা, সমালোচনা, সাধুবাদ সবকিছু সহ্য করেই জনগণের পাশে থাকতে হবে।”

“অর্থের সীমাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বার বার সড়ক মেরামত করতে হবে। একটি সড়ক যতবার ক্ষতিগ্রস্ত হবে, ততবারই সেটি মেরামত করতে হবে।”

করপোরেশনের কর্মকর্তাদের অবহেলা বা গাফিলতি না করার আহ্বানও জানান তিনি।

গত সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে বন্দর নগরীর বেশ কিছু সড়ক এখন বেহাল। এর পাশাপাশি জোয়ারে আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, বাকলিয়া, চাক্তাই-খাতুনগঞ্জ, মুরাদপুর, ষোলশহর, বাদুরতলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

গত জুন ও জুলাই মাসে জলাবদ্ধতার কারণে নগরীর ১০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। ঈদের আগে মেরামত কাজ শুরু হলেও অর্থাভাব ও টানা বৃষ্টিতে তা শেষ হয়নি।

এর মধ্যেই বৃষ্টিতে নগরীর সড়কগুলোর অবস্থা এখন আরো করুণ।

গত ৩ অগাস্ট চট্টগ্রাম সফরে এসে ভাঙ্গাচোরা রাস্তা দেখে হতাশা প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

পরদিন ৪ অগাস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) জরুরি সভায় মেয়র মনজুর বলেন, প্রয়োজনীয় ২২ কোটি টাকা বরাদ্দ পেলে ও অনুকূল আবহাওয়া থাকলে এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত সম্ভব।

এরপর কয়েকদিন ক্ষতিগ্রস্ত বিমান বন্দর সড়ক, বারেক বিল্ডিং মোড়, পিসি রোড, সিডিএ অ্যাভিনিউ, ডিটি রোডসহ কয়েকটি সড়কের মেরামত কাজ করে সিসিসি।

নগরীতে সিটি করপোরেশনের অধীন প্রায় পাঁচশ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। চলতি বছর এসব সড়ক মেরামতে নিজস্ব তহবিল থেকে আট কোটি টাকা বরাদ্দ রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।