২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সমালোচনায় আ. লীগ নেতারা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত হত্যাকারীকে ফেরত না দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 10:55 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ২০১০ সালে পাঁচ জনের ফাঁসি কার‌্যকর হয়। বাকি সাতজনের মধ্যে একজন বিদেশে পলাতক অবস্থায় মারা গেলেও অন্যরা বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের মধ্যে এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং এস এইচ এম বি নূর চৌধুরী কানাডায় আছেন।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের স্মরণ সভায় পলাতকদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর গুরুত্ব আরোপ করা হয়।  

আত্মস্বীকৃত খুনীকে ফেরত না দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আওয়ামী লীগে সভাপতিমণ্ডলির সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “আইনের কথা বলবেন। আর খুনীদের আশ্রয় দেবেন। এটা হতে পারে না।” 

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আপনাদের দেশে তো ফাঁসি হয়।”

যুত্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে বিভিন্ন ফোরামে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফেরত দেয়ার বিষয়টি উত্থাপন করার তাগিদ দিয়ে তিনি বলেন, “সাফটায় আমরা এই কথা বলতে পারি।”

এ সময় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড বন্ধে যথাযথ ভূমিকা না রাখায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন সুরঞ্জিত।

তিনি বলেন, “গাজায় গোলা-বারুদ দিয়ে দুই হাজার মানুষ মারবেন। তখন মানবতা কোথায় থাকে? আর কোথায় কোন আমীরুল ইসলাম মরলে- সেটা নিয়ে কতো কথা।”

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, “গাজায় এই রক্তপাতের জন্য অস্ত্র দেয় কে?  যারা একাত্তরে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল।”

১৯৭৩ সালে ওটোয়ায় জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, “হোয়েন এলিফ্যান্ট প্লে, গ্রাস সাফার।”

জিয়াউর রহমানের আমলে ১৯৭৯ সালের সংসদ নির্বাচনের সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

এ সময় যুক্তরাষ্ট্রের ২০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বুশ ও আল গোরের ভোটে এক কেন্দ্রে বুশের পক্ষে একশ ভাগের বেশি ভোট পড়ে। এটা আপনাদের (যুক্তরাষ্ট্র) ইতিহাসের সাথে মেলে।”

বিএনপির বর্জনের মধ্য দিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র।বাংলাদেশে যতো দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে ‘সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে দেশটি।