২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুই দিন বৃষ্টির আভাস

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশের অধিকাংশ এলাকায় আরো অন্তত দুই দিন ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 10:34 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

শনিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।

“এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র প্রবল রয়েছে।”

গত ২৪ ঘণ্টায় (শনিবার) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় সন্দীপে ১২৩ মিলিমিটার। এসময় রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ু প্রবল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। তাই উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

রোববারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের কোথাও-কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

অগাস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের দ্বিতীয়ার্ধে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিক বন্যা হতে পারে।

এসময় স্বাভাবিকের চেয়ে ১০/১৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে একটি বা ‍দুটি মৌসুমী নিম্নচাপও সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়।