তিস্তার পানি কমছে
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও তা এখনো রয়েছে বিপদসীমার ওপরে।
উজানের ঢল আর টানা বৃষ্টির ফলে তিস্তার পানি বাড়ার পর থেকে সেখানকার চরাঞ্চলের অন্তত পাঁচ হাজারেরও বেশি পরিবার বন্যাকবলিত।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, শনিবার সকাল ৬টার দিকে ডালিয়া পয়েন্টে নদীর পানি ১৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপড় দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পরিস্থিতি মোকাবেলায় ব্যারাজের সবকটি স্লুইট গেইট খুলে রেখে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং নদীর তীরবর্তী এলাকায় ‘রেড এলার্ট জারি’ অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই তিস্তার পানি বাড়তে থাকে। শুক্রবার রাত ১২টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার (বিপদসীমা ৫২ দশমিক ৪০) ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয় বলে জানায় ডালিয়া ভিভাগের বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র।
এর ফলে ডিমলা উপজেলার নদী তীরবর্তী টেপাখড়িবাড়ী, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, ঝুনাগাছচাঁপানী, পূর্বটেপাখড়িবাড়ি, বাইশপুকুরচর, কিসামত ছাতনাই, ঝাড়শিঙ্গেরশ্বর, বাঘেরচর, টাবুর চর, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, হলদিবাড়ী, একতারচর, ভাষানীর চর, খালিশাচাঁপানী এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, শৌলমারী, কৈমারী এলাকার নদী তীরবর্তী চরগ্রামগুলো প্লাবিত হয়।
