২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বিপদ সীমার উপরে তিস্তা, গাইবান্ধায় ভাঙন

অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি

নীলফামারী ও , বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 06:27 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

এদিকে ভাঙনে গাইবান্ধার সুন্দরগঞ্জের ১১টি গ্রামের সহস্রাধিক পরিবার ভিটে হারাসহ হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও শতাধিক পান বরজ।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ৩৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পানি। বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সবকটি (৪৪টি) স্লুইস গেইট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

এদিকে নদীতে পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী কয়েকটি চর গ্রাম প্লাবিত হয়েছে । এসব চর গ্রামে বসবাসরত অন্তত সহশ্রাধিক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় জন প্রতিনিধিরা।

তিস্তা তীরবর্তী নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বুধবার দুপুরের পর থেকে বাড়তে শুরু করে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইউনিয়নের চড়-খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি ও পূর্ব-খড়িবাড়ি গ্রামের বসবাসরত প্রায় পাঁচ শতাধিক পরিবার বাড়িঘর  প্লাবিত হয়েছে।

এছাড়া পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, ঝুনাগাছচাঁপানী, জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, শৌলমারী এবং কৈমারী এলাকার নদী তীরবর্তী চরগ্রামগুলোর ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রচয়ারম্যানরা।

তিস্তার ভাঙনে হুমকিতে বেড়িবাঁধ

তিস্তা নদীর ভাঙনে গত তিন সপ্তাহে গাইবান্ধার সুন্দরগঞ্জের ১১টি গ্রামের সহস্রাধিক পরিবার ভিটেহারাসহ নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক পানের বরজ।

এছাড়া হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধসহ কয়েক হাজার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও আরো শতাধিক পান বরজ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ছয়ঘড়িয়া, কালির খামার, উজান বোচাগাড়ী, কাশিমবাজার, কানি চরিতাবাড়ী, কাপাসিয়া, ভাটি কাপাসিয়া, উজান বুড়াইল, ভাটী বুড়াইল, পোড়ার চর ও পূর্ব লালচামার গ্রাম ভাঙন কবলিত। ভাঙন অব্যাহত থাকায় সুন্দরগঞ্জের ছয়ঘড়িয়া থেকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত ছয়ঘড়িয়া, কালির খামার, উজান বোচাগাড়ি, লালচামার এলাকার কয়েক হাজার পরিবার হুমকির মুখে পড়েছে।

সেইসঙ্গে পূর্ব উজান তেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজান তেওড়া উচ্চ বিদ্যালয় ও উজান তেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ভাঙনের মুখে।

এদিকে ছয়ঘড়িয়ায় নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাঁশের স্পার ও বালুর বস্তা ফেলা প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের আওতায় ১৩টি স্থানে বাঁশের স্পার স্থাপন করে বালুর বস্তা ফেলা হলেও ইতোমধ্যে সাতটি স্পার নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

লাখ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেয়া হলেও নদীর ভাঙন ঠেকাতে কোন কাজেই আসেনি।

ছয়ঘড়িয়া গ্রামের আকবর আলী (৬০) বলেন, “পরিবারের একমাত্র রোজগারের সম্বল ১২ শতক জমিসহ পানের বরজ এখন তিস্তার পেটে। পরিবার পরিজনের পেট এখন ভরবে কেমন করে?”

একই গ্রামের দেলোওয়ার হোসেন (৬৫) বলেন, “নদীতে যখন পানি থাকে না, সরকার তখন কোন পদক্ষেপ নেয় না। পানি বেড়ে নদী রাক্ষুসি হয়ে উঠলে তখন তার মূখে দূর্বাঘাস দিলে তো নদীর ক্ষিদে মিঠবে না।

ওই গ্রামের জিন্না মিয়া (৪৫) বলেন, “স্পার বা বালুর বস্তা ফেলে নয়। এ অঞ্চলের নদী ভাঙন ঠেকাতে সরকারকে স্থায়ী ব্যবস্থার প্রকল্প বাস্তবায়ন করতে হবে।”

উপজেলার কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান আ খ ম হাফিজার রহমান বলেন, ছয়ঘড়িয়া এলাকায় নদী ভাঙন ঠেকাতে ২১ লাখ টাকা ব্যয়ে বাঁশের স্পার ও বালির বস্তা ফেলার কথা থাকলেও নামমাত্র বাঁশের স্পার নির্মাণ ও বালুর বস্তার স্থলে সামান্য কিছু মাটির বস্তা ফেলা হয়েছে। যা নদীর ভাঙন ঠেকাতে কোন কাজেই আসেনি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প এলাকার এস ও খায়রুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শিডিউল মোতাবেক কাজ করা হয়েছে।

কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া বলেন, গত দুই সপ্তাহের মধ্যে ইউনিয়নে প্রায় পাঁচশ’ পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়েছে । এর মধ্যে ভাটিকাপাসিয়া আড়াইশ’, উজান বুড়াইল গ্রামে একশ, পোড়ার চর গ্রামে ৭০ ও পূর্ব লালচামার গ্রামে ৬০।

তিনি আরো জানান, অথচ ভাঙন ঠেকাতে সরকারিভাবে এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল মিয়া বলেন, ছয়ঘড়িয়া এলাকায় নদী ভাঙন ঠেকাতে বাঁশের স্পার ও বালির বস্তা ফেলা হচ্ছে।

এনিয়ে কোন অভিযোগ পাননি জানিয়ে তিনি আরো বলেন, তবে কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া, উজান বুড়াইল, পোড়ার চর ও পূর্ব লালচামারসহ এ উপজেলার অন্য কোন এলাকায় ভাঙন রোধে বর্তমানে কোন ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা তাদের নাই।

</div>  </p>