ভোলায় ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা
দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে ভোলার অভ্যন্তরীণ সকল রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ এর ভোলায় দায়িত্বরত কর্মকর্তা (ট্রাফিক) মো. নাসিম জানান, ২ নম্বর সতর্ক সংকেত থাকায় শুক্রবার বেলা ১১টায় এ আদেশ জারি করা হয়েছে।
রুটগুলোর মধ্যে রয়েছে, ভোলা-বরিশাল, বোরহানউদ্দিন-বরিশাল, চরফ্যাশন-মনপুরা, চর কচ্ছপিয়া-ঢালচর, চরকচ্ছপিয়া-কুকড়ি-মুকড়ি, চরমোতাহার, চর মনোহর ও চর লিউলিন।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাতে লঞ্চ ও ছোট ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করতে না পারে সেজন্য বেশকিছু মোবাইল টিম কাজ করছে।
