‘ঘুষ দিতে গিয়ে’ আটক
হেফাজতে নির্যাতন না করার জন্য থানায় ঘুষ দিতে গিয়ে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানায় আটক বিভাষ চন্দ্র বিশ্বাস (৬৭) প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার মামা। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ীর বাসিন্দা।
স্ত্রী হত্যা মামলায় পান্না বালাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, স্ত্রীকে হত্যার মামলায় প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আদেশ দিয়েছে আদালত।
ওসি বলেন, রিমান্ডে নির্যাতন না করার জন্য পান্নার মামা বিভাষ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ রানাকে ৩০ হাজার টাকা ঘুষ দিতে থানায় যান। এ সময় টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
গত ১ অগাস্ট ফরিদপুর শহরের বাসা থেকে পান্না বালার স্ত্রী জয়ন্তী সরকারের (৩৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই জয়ন্তীর বড় ভাই মনোজ সরকার কোতোয়ালি থানায় যৌতুকের কারণে হত্যার অভিযোগ এনে মামলা করেন।
সেরাতেই পুলিশ পান্না বালাকে আটক করে। আদালত গত বুধবার (১৩ অগাস্ট) তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেয়ার আদেশ দেয়।
