শোক দিবসে ডাক্তার শূন্য চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্স
জাতীয় শোক দিবসে অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সরকারি নির্দেশনা থাকলেও তা মানা হয়নি সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য কক্ষ তালাবন্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীরা।
জাতীয় শোক দিবস উপলক্ষে এদিন সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে অসহায় ও দরিদ্রদের চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা আবদুল হালিম এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন স্থানীয়দের অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।
তিনি বলেন, "সরকারি চাকরি করলে সরকারের নির্দেশনাও মানতে হবে। গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার অভিযোগ করে বলেন, "হাসপাতালে ডাক্তার অনুপস্থিতির দৃশ্য নিত্যদিনের। জাতীয় শোক দিবসের এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক।"
এ বিষয়ে চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা গোপাল চন্দ্র সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ঢাকায় ট্রেনিংয়ে আছেন।
তিনি বলেন, "জাতীয় শোক দিবসে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বাস্তবায়নের জন্য আবাসিক মেডিকেল অফিসার আবদুল হালিমকে দায়িত্ব দিয়ে এসেছি।"
