ঢাবি ভর্তি পরীক্ষায় এবার ক্যালকুলেটরও নিষিদ্ধ
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটরসহ ইলেকট্রনিক কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ পাবেন না বিজ্ঞানসহ কোনো বিভাগের পরীক্ষার্থী।
গত বছরসহ আগের কয়েকটি পরীক্ষায় ক্যালকুলেটরের ভেতরে মোবাইলসহ নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে এনে নকলের ঘটনা ধরা পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে হলেও ‘ক’ ইউনিটে গণিত, পদার্থ বিজ্ঞান প্রশ্নের উত্তরের জন্য ক্যালকুলেটরের ব্যবহার প্রয়োজন হয়।
সেক্ষেত্রে এবার এই ইউনিটের পরীক্ষার্থীদের কী হবে- জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যালকুলেটর ব্যবহার ছাড়া সমাধান করা যাবে না, এমন কোনো প্রশ্ন করা হবে না।”
ক্যালকুলেটরের পাশাপাশি পরীক্ষার হলে মোবাইল, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রিক ডিভাইস নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, “গত বছরসহ আগের কয়েকটি পরীক্ষায় শিক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নিয়ে এর ভিতরে মোবাইল মুড ব্যবহার করে নকল করার অপকৌশল চালিয়েছে।এ প্রক্রিয়া বন্ধ রাখতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
অধ্যাপক আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি অফিসে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম পর্বে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন।
ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে করা যাবে, যা চলবে আগামী ৩১ অগাস্ট দুপুর ২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এবার পাঁচটি ইউনিটে মোট ৬ হাজার ৫৮২টি জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবেন।
এর মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ক-ইউনিটে ১৬৪০, মানবিক শিক্ষার্থীদের খ-ইউনিটে ২২২১, ব্যবসায় শিক্ষার্থীদের গ-ইউনিটে ১১৭০, বিভাগ পরিবর্তনকারীদের ঘ-ইউনিটে ১৪১৬ এবং সকল বিভাগের শিক্ষার্থীদের চ-ইউনিটে ১৩৫জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
আগামী ৫ সেপ্টেম্বর গ-ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়াও আগামী ১২ সেপ্টেম্বর ক-ইউনিটের, ১৯ সেপ্টেম্বর খ-ইউনিটের, ২৬ সেপ্টেম্বর ঘ-ইউনিটের এবং ১৩ সেপ্টেম্বর চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েব সাইটে (admission.eis.du.ac.bd )ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।
