কুড়িগ্রামে বাজারে অগ্নিকাণ্ড
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি বাজারে আগুন লেগে চারটি গুদাম ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকালে রাজারহাট বাজারে এ অগ্নিকাণ্ডে তিন কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজারহাট থানার ওসি মইনুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজারহাট বাজারের সোলায়মান আলীর তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়লে আরো তিনটি গুদাম ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও উলিপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
রাজারহাট বণিক সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, “আগুনে আমার ব্যবসা প্রতিষ্ঠানও পুড়ে গেছে।”
এ অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনার পর রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
