পিনাকের মালিককে রিমান্ডে চায় পুলিশ
মুন্সীগঞ্জের পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক কালুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে চায় পুলিশ।
লৌহজং থানা পুলিশ বৃহস্পতিবার আবু বকরকে মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের হেফাজতের আবেদন করে।
আংশিক শুনানি শেষে বিচারক হারুন-আর-রশীদ আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ঠিক করে আবু বকরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার ভোরে চট্টগ্রামের আগ্রাবাদ হাইজিং এলাকা থেকে লঞ্চ মালিক আবু বকরকে গ্রেপ্তার করে রাতেই লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার পথে গত ৪ অগাস্ট পদ্মায় ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি। এরপর থেকেই সিদ্দিক পলাতক ছিলেন।
ওই ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাকমালিক আবু বকর, লঞ্চের সারেং ও সুকানিসহ ছয় জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া।
লঞ্চমালিক আবু বকর সিদ্দিক মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার বাড়ি মাওয়া ঘাটের কাছে দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামে।
মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ‘মাওয়া এক্সপ্রেস’ লঞ্চের মালিকানাতেও তার অংশীদারিত্ব আছে বলে লঞ্চ মালিক সমিতির নেতারা জানান।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, লঞ্চটি ডুবে যাওয়ার পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৬টি লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬১ জন।
দুর্ঘটনার আট দিনেও তলিয়ে যাওয়া লঞ্চের অবস্থান সনাক্ত করতে না পারায় গত ১১ অগাস্ট তল্লাশি অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।
কয়েকশ যাত্রী নিয়ে পিনাক-৬ ডুবে যাওয়ার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়, গত সোমবার থেকে যার কার্যক্রম শুরু হয়েছে।
