বিচারক নেই, পেছালো মুফতি ইজাহারের মামলার সাক্ষ্যগ্রহণও
বিচারকের পদ শূন্য থাকায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে দুদকের করা সম্পদ বিবরণী মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ দ্বিতীয়বারের মত পিছিয়েছে।
বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (মহানগর দায়রা) আদালতে মামলাটি শুনানির দিন ধার্য ছিল।
কিন্তু এ আদালতে বিচারক না থাকায় মামলাটির শুনানি হয়নি।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম পদে দায়িত্ব পালন করতেন মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান। গত ১০ জুলাই তিনি অবসরে যান।
দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ এ মামলার শুনানি করতে পারেন না। তাই তিনি আগামী ১০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।”
বুধবার মামলার বাদী দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক সিরাজুল হক, নগরীর খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম ভুঁইয়া ও দুদকের সহকারী পরিচালক মিজানুর রহমান সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হয়েছিলেন।
বাদী সিরাজুল হক গত ২৯ মে সাক্ষ্য দেয়া শুরু করেন। তার সাক্ষ্য এখনো অসমাপ্ত।
সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদকের পাঠানো নোটিসের জবাব না দেয়ায় গত বছরের ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের খুলশী থানায় ইজাহারের বিরুদ্ধে এই মামলা হয়।
এ বছরের ২০ এপ্রিল দুদক, চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক এইচএম আখতারুজ্জামান মামলার অভিযোগপত্র দেন।
চলতি বছরের ২৮ এপ্রিল এ মামলায় মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর গত ১২ মে ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মুফতি ইজাহারুল ইসলাম নগরীর লালখান বাজারের জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার (লালখান বাজার বড় মাদ্রাসা) মহাপরিচালক।
গত বছরের ৭ অক্টোবর এ মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা বিস্ফোরক আইনসহ তিনটি মামলার আসামি মুফতি ইজাহার এখনো পলাতক।
