অ্যাকাডেমি হতে যাচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র
রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রকে দেশের প্রথম পূর্ণাঙ্গ কারা অ্যাকাডেমি করা হচ্ছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
বুধবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে নতুন নিয়োগ পাওয়া কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের শপথ গ্রহণ ও সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার কারা বিভাগের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ডেপুটি জেলার, কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের জন্য রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ কারা অ্যাকাডেমিতে উন্নীত করার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
“প্রধানমন্ত্রী এই প্রকল্প বাস্তবায়নে সম্মতি দিয়েছেন। দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে রাজশাহীতে দেশের প্রথম কারা অ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হবে।”
পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন।
