হোটেল বয়কে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
বাগেরহাটের মংলায় এক হোটেল বয়কে মারধরের পর শ্বাসরোধে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডাদেশ পাওয়া মো. সোলায়মান (৩৫) নোয়াখালীর কমলগঞ্জ উপজেলার মোহম্মদপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. নবী উল্লাহ।
বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান বুধবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের শিকার আল আমিন (১৮) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী জানান, আল আমিন মংলা বন্দর পৌরসভার আবদুল হাই সড়কের ‘হোটেল সিঙ্গাপুর’ নামের একটি আবাসিক হোটেলে কাজ করতেন। থাকতেন বালুরমঠ এলাকায়।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৫ অগাস্ট সোলায়মান ৭/৮ জনকে নিয়ে সুন্দরবনে বেড়াতে এসে হোটেল সিঙ্গাপুরের পাঁচতলার একটি কক্ষে ওঠেন। হোটেল কর্তৃপক্ষ আল আমিনকে তাদের দেখভালের দ্বায়িত্ব দেয়।
৭ অগাস্ট গভীর রাতে সোলায়মান বাইরে থেকে হোটেলে এসে আল আমিনকে পিটিয়ে আহত করেন। এরপর গলায় তোয়ালে পেঁচিয়ে আমিনকে শ্বাসরোধে হত্যা করে লাশ লুকিয়ে রাখেন হোটেলের শৌচাগারে।
ওই হত্যাকাণ্ডের পর সোলায়মান হোটেলের আলমারি ভেঙে ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।
পরদিন হোটেল কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় আল আমিনের লাশ উদ্ধার করে এবং সোলায়মানসহ পাঁচজনের বিরুদ্ধে মংলা থানায় হত্যা মামলা দায়ের করে।
মংলা থানার এসআই মো. মুনছুর রহমান ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি সোলায়মানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
