চট্টগ্রামে পাসের হারে উন্নতি, কমেছে জিপিএ-৫
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
চট্টগ্রাম বোর্ডে পাস করেছে ৭০ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী। গতবার এ হার ছিল ৬১ দশমিক ২২ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৬৪৬ জন শিক্ষার্থী যা গতবারের চেয়ে ১২৬ জন কম। গতবার জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭৭২ জন।
পয়েন্টের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডে সেরা হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পীযুষ দত্ত।
এইসময় তিনি বলেন, “সামগ্রিক বিবেচনায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল ভাল হয়েছে। শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছাড়া ছাত্র-ছাত্রী, জেলা ও বিভাগওয়ারি ফলও ভালো।”
সৃজনশীল পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীর দক্ষতা বাড়ায় ফলাফল ভাল হয়েছে বলে মনে করেন তিনি।
ছাত্রদের পাসের হার ৬৯ দশমিক ৩৯ শতাংশ এবং ছাত্রীদের ৭০ দশমিক ৭০ শতাংশ।
এছাড়া বিভাগওয়ারি ফল বিবেচনায়, বিজ্ঞানে ৭৯ দশমিক ০২ শতাংশ, মানবিকে ৬২ দশমিক ১১ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭২ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৯ দশমিক ৮৭, মহানগর বাদে জেলায় ৬৩ দশমিক ৯০ এবং মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৭১ দশমিক ১৭ শতাংশ।
সামগ্রিক বিবেচনায় ৮৮ দশমিক ৬৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম বোর্ডের শীর্ষে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ৮৭ দশমিক ২১ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কলেজ দ্বিতীয় এবং সরকারি কমার্স কলেজ ৮১ দশমিক ৮০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে।
চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ থেকে ৪৯৫ জন। চট্টগ্রাম কলেজ ৪৬৬ জন নিয়ে দ্বিতীয় এবং সরকারি কমার্স কলেজ থেকে ৩২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তৃতীয় হয়েছে।
দেশের আট হাজার ১০৪টি প্রতিষ্ঠানের ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭৮ দশমিক ৩৩। জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।
গত ৩ এপ্রিল থেকে ১৬ জুন দেশের দুই হাজার ৩৫২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
