ডিবির অভিযানে ‘গাড়ি চোর চক্রের’ ৪ সদস্য আটক
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ‘গাড়ি চোর চক্রের’ চার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন- মো. নাদিম (৩৫), মো. জামাল (২৫), মো. কামাল (৩৫) ও তিমথী সরকার ওরফে নবাব ওরফে সানি (২১)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের কাছ থেকে দুটি গাড়ি ও দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
“গাড়ি দুটির মধ্যে একটি প্রিমিও ও অন্যটি টয়োটা ফিল্ডার। মোটর সাইকেলের মধ্যে রয়েছে আমদানি নিষিদ্ধ লাল রংয়ের ২২০ সিসি পালসার ও ইয়ামাহা ফেজার।”
আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে গাড়ি চুরির সঙ্গে জড়িত।
তারা প্রাইভেটকার চুরি করে কৌশলে চেসিস নম্বর পরিবর্তন ও ভুয়া কাগজপত্র তৈরি করে চোরাই গাড়ির ব্যবসা করতো বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা নাজমুল আলম।
