২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণ সাংবাদিক নুরুল ইসলামের জীবনাবসান

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি নুরুল ইসলাম (৮১) মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 10:17 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার দুপুরে নগরীর শেরশাহ এলাকার সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে মারা যান তিনি।

স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যাওয়া নুরুল ইসলাম ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত অবিভক্ত সিইউজের সভাপতি ছিলেন।

ছাত্র থাকা অবস্থায় ১৯৫২ সালে ফেনীতে ভাষা আন্দোলনে যুক্ত হন তিনি।

দৈনিক আজাদ, দৈনিক পূর্বদেশ (ঢাকা), দৈনিক সংবাদ, রাজশাহী বার্তা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক বাংলাদেশের স্বাধীনতাসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় নুরুল ইসলামের মরদেহ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নিয়ে আসা হলে তার সাবেক সহকর্মী ও সংবাদকর্মীরা শ্রদ্ধা জানান।

সিইউজের বর্তমান সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জানান, মরদেহ চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিফকির হাটের গাছবাড়িয়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার দুপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিইউজে’র সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি মঈনুদ্দিন কাদেরী শওকত ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ এবং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।