সম্প্রচার নীতিমালা বাতিলের দাবি
জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা।
মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনি সংকেত। কারণ এতে তথ্য মন্ত্রণালয়ের হাতে গণমাধ্যম নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে।
এতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবেদন তৈরি করার ক্ষমতা রহিত করা হয়েছে, যা স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারকে খর্ব করতে পারে বলে বক্তারা মনে করেন।
বক্তারা কমিশন গঠন করার আগে করা এ নীতিমালা বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা সভাপতি মো. আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, সাংবাদিক ইয়াসমিন রীমা, অশোক বড়–য়া, আলী আকবর মাসুম, মিজানুর রহমান চৌধুরী, মোতাহার হোসেন মাহবুব, দেলোয়ার হোসেন জাকির প্রমুখ।
