জজ ফারুককে নিয়ে তদন্তে দুদক
অবসরে যাওয়ার আগে ‘তড়িঘড়ি’ করে বেশ কয়েকটি মামলার রায় দিয়ে যাওয়া ঢাকার আদালতের বিচারক ফারুক আহম্মেদের কোনো ধরনের দুর্নীতি রয়েছে কি না, তার তদন্ত শুরু হচ্ছে।
এই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইন মন্ত্রণালয়ে সুপ্রিম কোর্ট প্রতিবেদন দেয়ার পর এই তদন্তের সিদ্ধান্ত নিল দুর্নীতি দমন কমিশন।
দুদকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (সোমবার) আইন মন্ত্রণালয় থেকে কমিশন চিঠি পেয়েছে। সেই অনুযায়ী দুদকের নিয়মিত বৈঠকে এই তদন্তের সিদ্ধান্ত হয়েছে।”
দুদকের উপপরিচালক যতন কুমার রায় এই তদন্তভার পেয়েছেন বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য।
ফারুক আহম্মেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।”
গত ৬ তারিখ এ বিষয়ে একটি দৈনিক পত্রিকায় ‘মামলা খালাসের রেকর্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এস কে সিনহা গত সপ্তাহে ঢাকার আদালতে গিয়ে জজ ফারুকের বিচার করা কয়েকটি মামলার নথি জব্দ করেন।
এরপর তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ জানিয়ে সুপ্রিম কোর্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়।
জজ ফারুকের দেয়া রায়ে ‘অস্বাভাবিকতা’ পাওয়া গেছে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।
