২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপস্থিত ৪ কর্মকর্তাকে নৌমন্ত্রীর ‘শাস্তি’

কর্মস্থলে অনুপস্থিত থাকায় চট্টগ্রামে বিআইডব্লিউটিএর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 12:35 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মঙ্গলবার সকালে নগরীর সদরঘাট এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

ওই চার জন হলেন- বিআইডব্লিউটিএ চট্টগ্রাম অঞ্চলের দুই সহকারী পরিচালক নয়ন শীল ও মো. সেলিম, উপ-পরিচালক (বন্দর) আলমগীর কবির এবং নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান।

যুগ্ম পরিচালক আক্কাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টার দিকে আমাদের কার্যালয় পরিদর্শনে আসেন।

“এসময় চার কর্মকর্তাকে অনুপস্থিত পেয়ে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। ওই কর্মকর্তারা এর কিছুক্ষণ পরই অফিসে উপস্থিত হন।”

এসময় মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, “কর্মস্থলে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হল। এ ধরনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।”

এসময় মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।