মিশন শেষে ফিরল ওসমান-মধুমতি
জাতিসংঘ মিশনে লেবাননে চার বছর নিয়োজিত থাকার পর দেশে ফিরেছে নৌবাহিনীর দুই যুদ্ধ জাহাজ ওসমান ও মধুমতি।
গত ১৫ জুন যাত্রা শুরু করে প্রায় সাত হাজার নটিক্যাল মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে সোমবার চট্টগ্রামে পৌঁছায় জাহাজ দুটি।
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে জাতিসংঘ মিশনে যাওয়া এই দুই যুদ্ধ জাহাজ থেকে চার বছরে প্রায় সাড়ে সাত কোটি ডলার আয় হয়েছে বলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, সহকারী নৌ প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী যুদ্ধ জাহাজ ওসমান ও মধুমতিকে চট্রগ্রামের নেভাল জেটিতে স্বাগত জানান।
এই দুটি জাহাজের জায়গায় আলী হায়দার ও নির্মূল নামে অন্য দুটি যুদ্ধ জাহাজ লেবাননে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফল’র আওতায় ভূ-মধ্যসাগরে বহুজাতিক মেরিটাইম টাস্ক ফোর্সে অংশগ্রহণের উদ্দেশ্যে ২০১০ সালের এপ্রিলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ওসমান ও মধুমতি লেবাননে যায়।
সেখানে জাহাজ দুটি লেবাননের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ ঠেকাতে দেশটির জলসীমায় নজরদারিতে নিয়োজিত ছিল। এছাড়া দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতায়ও অংশ নেয় সেগুলো।
মেরিটাইম টাস্কফোর্সের আওতায় অন্যান্য দেশের জাহাজের সঙ্গে নিয়মিত সামরিক মহড়ায় অংশ নেয়া ছাড়াও লেবাননের নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেন বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যরা।
“প্রায় চার বছর ধরে এই দুটি জাহাজে ৩২০ জন কর্মকর্তা ও নাবিকসহ এক হাজার ২৮০ জন সদস্য অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেন,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
