সুনামগঞ্জ হাসপাতাল সংস্কারের দুর্নীতির প্রতিবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতাল সংস্কারে দুর্নীতির প্রতিবাদে ও জনবল সংকট সমাধানের দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার দুপুরে শহরের হাসননগরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সুনামগঞ্জ সরকারি কলেজের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা অংশ নেন।
এতে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা নাজমুল হুদা হিমেল ও ব্যবসায়ী মঈন উদ্দিন রিপন বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে সংস্কারের নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নামমাত্র কাজ দেখিয়ে ৫ কোটি ৭১ লাখ টাকা বিল নিয়ে গেছে।
তারা বলেন, হাসপাতালের পানি সরবরাহে সমস্যা, টয়লেট ও দরজা-জানালা সংস্কার না করায় এবং শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ও বৈদ্যুতিক পাখা না থাকায় হাসপাতালে আসা রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এছাড়া হাসপাতালে দীর্ঘদিনের চিকিৎসক -নার্স সংকটের সমাধানের দাবিও জানান তারা।
