২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সিরিজ বোমার মামলায় ২ জনের সাক্ষ্যগ্রহণ

হবিগঞ্জের পাঁচটি জায়গায় আলোচিত ১৭ অগাস্টে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 06:12 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় পাঁচ জঙ্গিকে হবিগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালে-২ এর বিচারক মো. হাসানুল ইসলামের আদালতে হাজির করে।

এ দিন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন রওশন আলী ও সালাউদ্দিন চৌধুরী নামে দুই ব্যক্তি। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করে আদালত।

আদালতে হাজির আসামিরা হলেন- সাইদুর রহমান, তার ছেলে এ এইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ ও বেলাল হোসেন ওরফে তামীম।

আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক এবং আসামি পক্ষে ছিলেন সফিকুর রহমান চৌধুরী।

২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশের সঙ্গে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে বোমা হামলা হয়। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা দায়ের করে।