সহিংস আন্দোলনের পুনরাবৃত্তি চায় না কানাডা
জানুয়ারির নির্বাচন বাংলাদেশকে সহিংসতা থেকে মুক্তি দিয়েছে বলে মনে করেন ঢাকায় কানাডার হাই কমিশনার হিদার ক্রুডেন।
বিএনপির আন্দোলনের মধ্যে দিয়ে আবার সেই সহিংসতা ফিরে আসবে না- এমনটাই আশা তার।
জাতীয় প্রেসক্লাবে সোমবার কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশের রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন ক্রুডেন।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোজার ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। আন্দোলনের কর্মসূচি ঠিক করতে এরই মধ্যে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনার পর আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হতে পারে।
ক্রুডেন বলেন, বিএনপির আন্দোলনের ঘোষণার বিষয়টি তিনি জানেন।
“আমরা আশা করি, এতে (আন্দোলনে) কোনো ধরনের সহিংসতা থাকবে না। আমি মনে করি, ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে সহিংস পরিস্থিতি ছিল, নির্বাচনের পর তা দূর হয়েছে। আমরা আশা করি, সহিংসতা আবার শুরু হবে না।”
কানাডা এখনো দুই বড় দলের মধ্যে সংলাপের পক্ষে মন্তব্য করে হাই কমিশনার বলেন, “কানাডা এখনো আশা করে, দুই দল আলোচনায় বসবে এবং নিজেদের মধ্যে কথা বলবে।”
৫ জানুয়ারির নির্বাচনে অর্ধেকের বেশি আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কানাডা হতাশ হয়েছিল জানিয়ে ক্রুডেন বলেন, সবশেষ নির্বাচনটি সংবিধান অনুযায়ী হবে- এমনটাই ধারণা ছিল কানাডার।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মতো কানাডার হাই কমিশনারও গত বছর বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে বক্তৃতা-বিবৃতি দিয়েছেন। সে সময় রাজনীতিকদের সঙ্গে আলোচনায়ও ব্যস্ত থাকতে দেখা গেছে তাদের।
এ ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন কি না- জানতে চাইলে ক্রুডেন বলেন, “এখানে আসার পর থেকে আমি আমার সীমা অতিক্রম করিনি বলেই মনে করি।
“কানাডার পররাষ্ট্র নীতির মূল বিষয় হচ্ছে শান্তি, অগ্রগতি এবং স্বাধীনতা। যখন আমরা দেখি আমাদের কোনো বন্ধু দেশ মৌলিক অধিকার ক্ষুণ্ন করার মতো কিছু করছে, তখন আমরা কখনো ব্যক্তিগতভাবে, কখনো খোলামেলাভাবে এসবের সঙ্গে জড়াই। বিষয়বস্তুর ওপর এটি নির্ভর করে।”
মধ্যম আয়ের দেশ হওয়ার পথে কানাডা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
সম্প্রতি লন্ডনে গার্ল সামিটে ২০২১ সালের মধ্যে ১৫ বছরের কমবয়সীদের বিয়ে এবং ২০৪১ সালের মধ্যে বাল্যবিয়ে বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির প্রশংসা করে এক্ষেত্রে কানাডার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন হিদার ক্রুডেন।
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি মঈনুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি।
