২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংগ্রাম কমিটি জয়ী

দেশের চা শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনে চা শ্রমিক সংগ্রাম কমিটির প্যানেল জয়ী হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 05:02 PM

Updated : 25 Apr 2022, 04:32 PM

ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি পদে এই প্যানেলের মাখল লাল কর্মকার ও সাধারণ সম্পাদক পদে রাজভজন কৈরী জয়ী হয়েছেন।

সোমবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শিল্প শ্রমকল্যাণ বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান শ্রম পরিদপ্তরের যুগ্ম পরিচালক এস এম আশরাফুজ্জামান।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও চা শিল্প শ্রমকল্যাণ বিভাগের উপ-পরিচালক মো. গিয়াস উদ্দিন বলেন, বেসরকারি ফলাফলে সংগ্রাম কমিটি প্যানেলের মাখন লাল কর্মকার ৪৭ হাজার ১৫৯ ভোট বেশি পেয়ে সভাপতি ও রামভজন কৈরী  ৪৭ হাজার ৬৮৬ ভোট বেশি পেয়েছে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ২০টি উপজেলার সাতটি ভ্যালির ২২৮টি চা বাগান ও ফাঁড়ি চা বাগানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরাজিত প্যানেল গণঐক্য পরিষদের সভাপতি পদে বিজয় বোনার্জী ১৭ হাজার ৯৬৬ ভোট এবং সম্পাদক পদে সীতারাম অলমিক ১৭ হাজার ২৭১ ভোট পান।

সর্বশেষ ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গিয়াস উদ্দিন জানান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, ভ্যালি কমিটি ও বাগান পঞ্চায়েত কমিটির নির্বাচনে একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একজন ভোটার চারটি ভোট দেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ভ্যালি ও পঞ্চায়েত কমিটি শুধু প্যানেল সভাপতিকে ভোট দেয়।

নির্বাচনে কেন্দ্রীয় কমিটিতে দুইটি প্যানেল সংগ্রাম কমিটি ও গণঐক্য পরিষদ, সাতটি ভ্যালির মধ্যে পাঁচটিতে দুটি এবং সিলেট ও জুড়ী ভ্যালিতে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে বলে জানান তিনি।

নির্বাচনে তিন ধরনের গোপন ব্যালটে ভোটাররা পঞ্চায়েত কার্যকরী কমিটি, ভ্যালি কার্যকরী কমিটি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতৃত্ব নির্বাচন করেন।

নির্বাচনে মোট ৯৪ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৮৩ হাজার ৯১ জন ভোট দেন।

নির্বাচনে পাঁচ জেলার ২০ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার ও পাঁচ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।

সাত সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রম পরিদপ্তরের যুগ্ম পরিচালক এস এম আশরাফুজ্জামান।

কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কমিটির সদস্য সচিব গিয়াস উদ্দিন।

রোববার বিকাল ৫ টায় ভোট গ্রহণ শেষ হলেও পরদিন সকালো ফলপ্রকাশ করার বিষয়ে গিয়াস উদ্দিন বলেন, “চা বাগানগুলোর অধিকাংশ দুর্গম এলাকায় হওয়ায় কেন্দ্রওয়ারি ফল পেতে দেরি হয়।”