বেনাপোলে চাচা খুন, ভাতিজা আটক
বেনাপোলের সীমান্তবর্তী এলাকা পুটখালী ইউনিয়নে স্থানীয় এক যুবদল নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বেনাপোল বন্দর থানার পরিদর্শক অপূর্ব হাসান জানান, রোববার রাত ১১টার দিকে রাজগঞ্জ গ্রামের এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাতিজাকে আটক করেছে পুলিশ।
নিহত শামীম (৪০) বেনাপোল পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ যুবদলের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির।
আর আটক কামরুল সম্পর্কে শামীমের ভাতিজা।
পরিদর্শক অপূর্ব বলেন, “কামরুল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত চার সন্ত্রাসীর নাম বলেছে।”
পরিবারের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের বেলা একদল লোক এসে শামীমকে ডেকে নিয়ে যায়। পরে এলাকার মঠবাড়ী বাগানে তার লাশ পাওয়া যায়। নিহতের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
এ ঘটনায় বন্দর থানায় নিহতের ছেলে ইমরান হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানান অপূর্ব।
এলাকাবাসীর ধারণা, চোরাকারবারের লেনদেন নিয়ে শামীমকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ময়নাতদন্তের জন্য তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
