২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় শিবির-পুলিশ গোলাগুলি, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সাতকানিয়ায় গুলি বিনিময়ের পর ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 01:32 AM

Updated : 22 Aug 2022, 06:52 PM

রোববার রাতে সাড়ে ১১টার দিকে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের এএসপি মো. এমরান ভূইয়া জানান।

শিবিরকর্মীদের ছোড়া গুলিতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে জানান তিনি।

এএসপি এমরান বলেন, “গোলাগুলির পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিবির ক্যাডার ১৩ মামলার পলাতক আসামি মো. শহীদকে দুটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।”

এ সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

এমরান ভূইয়া বলেন, পুলিশ বাবুনগরে শহীদকে গ্রেপ্তার করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এসময় গুলিবিদ্ধ অবস্থায় শহীদ এবং তার অপর দুই সহযোগীকে অক্ষত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

শহীদের বিরুদ্ধে সাতকানিয়াসহ বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি।