২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতলের ধাতব বস্তুটি এখনো অধরা

পদ্মায় ডুবে যাওয়া লঞ্চের এক কিলোমিটারের মধ্যে সন্ধান পাওয়া লঞ্চ আকৃতির ধাতব বস্তুটির দিকে তল্লাশি অভিযানের সবটুকু মনোযোগ কেন্দ্রীভূত হলেও রোববার পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তা আসলে কী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 12:42 AM

Updated : 13 Oct 2022, 12:26 PM

পুরনো খবর:

৪ জাহাজ বাদে সব সংস্থাকে তল্লাশি থেকে প্রত্যাহার
লঞ্চ দুর্ঘটনা: তদন্ত কমিটিতে সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার
‘ধাতব বস্তু’ পিনাক কি না- জানার অপেক্ষা

শনিবার তল্লাশি যান কাণ্ডারি-২ এর সাইড স্ক্যান সোনারে নদীর ১৯ মিটার গভীরে একটি ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ার পর রোববার তাকে ঘিরে উদ্ধার অভিযান সঙ্কুচিত করে আনা হয়।

ধাতব ও বস্তুটির দৈর্ঘ্য পিনাক-৬ এর মতোই হওয়ায় ধারণা করা হচ্ছে, এটিই ছয় দিন আগে ডুবে যাওয়া সেই লঞ্চ।

এরপর ক্রমাগত নোঙর ফেলা হলেও স্রোতের কারণে তা বস্তুটিতে লাগানো যাচ্ছিল না। আর নোঙর না লাগায় নামতে পারছিলেন না ডুবুরিরাও। কারণ ওই নোঙরের রশি বেয়েই তাদের নামার কথা।

রোববার দিনের শুরুতেই চারটি জাহাজ ছাড়া উদ্ধার অভিযানে থাকা নৌবাহিনী, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সব নৌযান প্রত্যাহার করা হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, পদ্মার তলদেশে যে ধাতব বস্তুটির অস্তিত্ব ধরা পড়েছে তা পিনাক-৬ লঞ্চের কি না, তা নিশ্চিত করতে সার্ভে ভেসেল জরিপ-১০ ও টাগবোট কাণ্ডারি-২ কাজ চালিয়ে যাবে।

“যেহেতু একটি ইমেজ পাওয়া গেছে তাই এখন আর সমন্বিত উদ্ধারকারী দল প্রয়োজন নেই।”

উদ্ধারকারী জাহাজ রুস্তম ও নির্ভীক নদী বক্ষেই থাকবে। ধাতব বস্তুটিতে নোঙর আটকাতে পারলে জাহাজ দুটি সেটি টেনে তোলার চেষ্টা করবে।

বিভিন্ন সংস্থার যে ডুবুরিরা উদ্ধার কাজে অংশ নিচ্ছিলেন, তারা কাজ চালিয়ে যাবেন।

এছাড়া নৌবাহিনী, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যেসব নৌযান এতদিন তল্লাশি অভিযানে অংশ নিচ্ছিল, সেগুলোকে ফিরিয়ে নেয়া হয়।

জেলা প্রশাসক বলেন, “ডুবুরিরা সাধারণত এক থেকে দেড় নটিক্যাল মাইল স্রোতের মধ্যে কাজ করতে পারেন। কিন্তু এখন নদীতে ৫ থেকে ৬ নটিক্যাল মাইল বেগে স্রোত বইছে। এ অবস্থায় ডুবুরিদের পক্ষে সেখানে নামা সম্ভব নয়। নদীর স্রোত কমে এলে তারা পুরোদমে কাজ করতে পারবেন।”

রোববার মাওয়া ঘাট থেকে রওনা হওয়ার আগে কাণ্ডারি-২ এর ইনচার্জ ও চট্টগ্রাম বন্দরের প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার মঞ্জুরুল করিম চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, “গতকালও বস্তুটি নড়াচড়া করছিল। এ কারণে আমরা সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাইনি। আজ আমাদের মূল উদ্দেশ্য হবে সেটি পিনাক-৬ কি না তা নিশ্চিত হওয়া।”

উদ্ধার অভিযানে থাকা নৌবাহিনীর একজন কর্মকর্তা জানান, পিনাক-৬ এর দৈর্ঘ্য সাড়ে ১৬ মিটার। আর সাইড স্ক্যান সোনার স্ক্রিনে যে ছবি পাওয়া গেছে তাতে পদ্মার তলদেশে পাওয়া নৌযানটির দৈর্ঘ্য ১৬ মিটার।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মঞ্জুরুল করিম বলেন, “যেখানে বস্তুটি পাওয়া গেছে, সেখানে পানির গভীরতা প্রায় ১৯ মিটার। স্ক্রিন রিডিংয়ে দৈর্ঘ্যে আধা থেকে এক মিটার হেরফের হতে পারে। আমরা আশা করছি, আজকের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে।”

তবে রাত পর্যন্তও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় নদীতলের বস্তুটি কি আসলে পিনাক লঞ্চের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

এ দিকে লঞ্চডুবির পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ, ১৬ জন নারী ও ১১টি শিশু।

উদ্ধার লাশের মধ্যে পরিচয় সনাক্তের পর ২৭টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চেনার উপায় নেই এমন ১৫টি লাশ ডিএনএ নমুনা রেখে দাফন করা হয়েছে মাদারীপুরে।

‘কপ্পা পদ্ধতি’ নিয়ে স্থানীয়রা

আধুনিক যন্ত্রপাতি নিয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযানে ছয় দিনে কোনো আশা না দেখে লঞ্চের সন্ধানে রোববার সকাল থেকে নদীতে ট্রলারে দেখা যায় স্থানীয় একদলকে।

লৌহজং এলাকার কয়েকজন যুবক নিজ উদ্যোগে রশিতে ইট বেঁধে চেইন টানার মতো করে নদীতে এই তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন, যাকে ‘কপ্পা পদ্ধতি’ বলছেন তারা। 

এই পদ্ধতিতে নাইলনের রশিতে কয়েকগজ পর পর ইট বেঁধে তা ফেলা হয় নদীতে। বৃত্তাকারে জাল ফেলার মতো ওই রশি টেনে প্যাঁচ লাগানোর চেষ্টা করেন তারা।

এর নেতৃত্ব দিচ্ছেন মাওয়া ঘাটের কান্দিপাড়া রোডের মেঘনা চেইন কপ্পা অ্যান্ড সাইকেল মার্টের মালিক মো. হাসান পাঠান। তার সঙ্গে রোমেল, জামাল, স্বপন, রশীদ খান, মিঠু ও রফিকুলসহ ১৫ জন। দুটি ট্রলার নিয়ে কাজ করছেন তারা।  

হাসান পাঠান দাবি করেন, তিনি ইতোপূর্বে ঘাটে পড়ে যাওয়া বাস, ট্রাক, ডুবে যাওয়া ট্রলার, লঞ্চ-ট্রলার, বলগেট, বালুর ট্রলার উদ্ধার করেছেন।

“আমরা অনেকদিন ধরেই এই পদ্ধতিতে ফেরিতে উঠতে গিয়ে পড়ে যাওয়া গাড়ি এমনকি ডুবে যাওয়া ট্রলারও তুলেছি। পিনাক-৬ ও আমরা তুলতে পারবো বলে আশাবাদী।”

পিনাক-৬ এর ডুবে যাওয়ার স্থান থেকে ৩০০’ মিটার পর্যন্ত ভাটির দিকে এই অভিযান চালাচ্ছে হাসান পাঠানের দল।