মালয়েশিয়া যাত্রার সময় ৬৯ জন আটক
অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে শনিবার রাতে কক্সবাজারে ৬৯ জনকে আটক করেছে পুলিশ ও কোস্ট গার্ড। এ সময় দালাল সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়।
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে ১৩ যাত্রী ও দুই দালাল এবং সোনাদিয়ার বঙ্গোপসাগরের মোহনা থেকে ৫৬ যাত্রীকে আটক করা হয়।
কক্সবাজার সদর থানার এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার রাত ১০টার দিকে শহরের কলাতলী রোড়ের সাংস্কৃতিক কেন্দ্রের সামনের সী টাউন কটেজ থেকে মানবপাচারে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়। একই সময় মালেয়শিয়াগামী ১৩ জনকে আটক করা হয়।
আটকরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের তাজের কাটা এলাকার দুদু মিয়ার ছেলে এমদাদুল হক (২২) ও নতুন বাজারের নূর আহাম্মদের ছেলে ফজলুল করিম (২০)।
এখান থেকে আটক ১৩ জন হলেন সাতক্ষীরার কলারোয়ার আবুল কালাম, মাদারীপুরের রাজৈরের আবুল কাশেম সোহাগ, লিটন মাতবর, রাজশাহীর চারঘাট আলামিন, নয়ন ইসলাম, কামরুল, নরসিংদীর শিবপুরের শফিকুল, হেলাল, রউফ মিয়া, হাফিজ উল্লা, খলিলুর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সানোয়ার ও শাহাবুল।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হবে।
এছাড়া উদ্ধার ১৩ জনকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
অপরদিকে শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে ৫৬ জন মালেয়াশিয়াগামী যাত্রীকে আটক করে একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডকে লক্ষ্য করে পাচারকারীরা সাত রাউন্ড গুলি ছোড়ে।
কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে সোনাদিয়ার কাছে অভিযান চালিয়ে ৫৬ মালয়েশিয়াগামী যুবককে আটক করা হয়।
এ সময় পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলেও তিনি জানান।
আটকদের কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
