২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর থানার ওসি প্রত্যাহার

স্বেচ্ছাসেবক লীগ যশোর শহর শাখা সভাপতি আব্দুল মান্নান খুন হওয়ার পর কোতোয়ালি থানার ওসি সহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 04:04 PM

Updated : 25 Apr 2022, 04:32 PM

যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতেই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। রোববার সকালে তাকে যশোর পুলিশ লাইনে পাঠানো হয়।

এছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

এদিকে আব্দুল মান্নানের লাশ নিয়ে রোববার বেলা সাড়ে ১১টায় শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের অফিসের সামনে অবস্থান  নেন। এ সময় জেলা প্রশাসকের অফিসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চলছিল।

পরে জেলা প্রশাসক হুমায়ুন কবীর ও সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের  আশ্বাস দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাশ নিহতের বাড়ি নিয়ে যান। পরে সেখান থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেয়া হয়।

আসরের নামাজের পর বেজপাড়া কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

শনিবার বিকেলে শহরের পিয়ারীমোহন রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান।