২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ইরানের রাজধানী তেহরানে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 03:09 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানীর কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিশুসহ বহু মানুষের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত।

“এটি আমাদের জন্য একটি বড় শোক ও দুঃখের বিষয়।”

শেখ হাসিনা বাংলাদেশের সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে বন্ধুপ্রতীম ইরানের জনগণ বিশেষ করে বিমান বিধ্বস্তে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারগুলো যাতে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার সকাল পৌনে ১০টার দিকে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ছোট আকারের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিন বিকল হয়ে তেহরানের উত্তরপশ্চিমাঞ্চলের আজাদি আবাসিক এলাকার কাছে আছড়ে পরে তাবান এয়ারলাইন্সের উড়োজাহাজটি।

এতে বিমানের ৪৮ জন আরোহীর মধ্যে অন্তত ৩৮ জন নিহত হন।