২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 02:17 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একটি বাসের পেছনের চাকা ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার আলম হোসেনের ছেলে রনি (১৮) ও মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী (৪৫)।

পুলিশ সুপার বলেন, ভেড়ামারা থেকে কুষ্টিয়াগামী হিসনা এন্টারপ্রাইজের একটি বাস তালবাড়িয়ায় পৌঁছালে পেছনের চাকা ভেঙে যায়। এ সময় বাসের ছাদে থাকা রনি সড়কে লাফ দিলে পেছন থেকে আসা বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

“চাকা ভেঙে যাওয়ার পর প্রচণ্ড ঝাঁকুনিতে বাসের ভেতরের তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেফালী মারা যান।”