দক্ষিণাঞ্চল-চট্টগ্রাম বিভাগ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের সঙ্গে চট্টগ্রাম বিভাগের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
ফেরিঘাটের পন্টুনের র্যাম ভেঙ্গে যাওয়ায় শুক্রবার রাত থেকে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিএর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাতে র্যাম ভেঙ্গে গেছে। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা মালামাল সংগ্রহ করে নিয়ে এলে রোববার নাগাদ মেরামতের কাজ শুরু হবে।”
আলুর বাজার ফেরিঘাটের ইজারাদার জিতু বেপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলুর বাজার ফেরিঘাটের পন্টনের র্যাম দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ ছিল। বিষয়টি বার বার বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
