আসিয়ানের সঙ্গে দৃঢ় সম্পর্ক চায় বাংলাদেশ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি দেশের আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের আরো উন্নয়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
একই সঙ্গে আসিয়ানের সঙ্গে বাংলাদেশ জোরালো সম্পর্ক গড়তে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।
১৯৬৭ সালে ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও লাওসকে নিয়ে গঠিত আসিয়ানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
প্রথমবারের মতো বাংলাদেশে আসিয়ানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ওই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাহমুদ আলী আসিয়ানের সদস্য দেশগুলোর সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।
আসিয়ানকে সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক সংস্থা হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিশ্বের মোট জনসংখ্যার ৯ শতাংশের প্রতিনিধিত্ব করছে আসিয়ান।
“রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক-সাংস্কৃতিক বন্ধন ও অর্থনৈতিক বন্ধন- এই তিন স্তম্ভের ওপরেই এর আঞ্চলিক সম্পর্কের ভিত্তি।”
বাংলাদেশকে ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেতুবন্ধন’ আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশ সব সময়ই তার কাছের প্রতিবেশী, দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।
২০১৫ সালের মধ্যে আসিয়ান দেশগুলো নিজেদের মধ্যে মুক্ত বাজার চালু করার পরিকল্পনা করেছে। ওই সময় পর্যন্ত আসিয়ানের সদস্য গ্রহণ কার্যক্রম স্থগিত থাকলেও গত কয়েক বছর ধরেই বাংলাদেশ এর সদস্য হওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।
গত এপ্রিলে ‘আসিয়ান-ঢাকা কমিটি’ গঠনের পর প্রথমবারের মতো বাংলাদেশে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে আসিয়ান-ঢাকা কমিটির কার্যক্রমের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠান শেষে আবুল হাসান মাহমুদ আলী ‘আসিয়ান আঞ্চলিক ফোরামের’ তিনদিনব্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মিয়ানমার রওনা হন।
কম্বোডিয়া এবং লাওস ছাড়া আসিয়ানভুক্ত সব দেশের দূতাবাস রয়েছে বাংলাদেশে।
