চট্টগ্রামে কিশোরী অপহরণ: এক যুবক আটক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কিশোরী অপহরণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক চন্দন দত্ত (২২) উপজেলার চাতরী ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার দুপুরে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে অপহৃত ওই ছাত্রীকে (১৪) উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বটতলি ইউনিয়নের বরৈয়া গ্রামের ওই ছাত্রীর সঙ্গে যুবকটির পূর্ব পরিচয় ছিল।
“বৃহস্পতিবার তারা পারকি সমুদ্র সৈকতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে ছাত্রীটিকে মোহাম্মদপুর গ্রামে নিয়ে আটকে রাখে।”
ওই ছাত্রীর মা শুক্রবার সকালে থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে ছাত্রীকে উদ্ধার করে এবং চন্দনকে আটক করে।
ওসি হুমায়ুন কবির বলেন, আসলে কি ঘটেছে- অপহরণ এবং অন্য কোনো ধরণের অপরাধ সংঘটিত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
“ছাত্রীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। তারা অভিযোগ করলে অবশ্যই মামলা নেয়া হবে।”
